খুলনায় টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় মতি নামে এক বাস টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খলিল চেম্বারের পাশের একটি চারতলা ভবনের ছাদের টিনশেড কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মতি (৫০) ওই এলাকার হাবিবুল্লাহর ছেলে। তিনি গড়াই পরিবহনের টিকিট কালেক্টর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর ধরে শেখপাড়ার খলিল চেম্বারের পাশের একটি ভবনের চতুর্থ তলায় টিনশেড কক্ষে একাই বসবাস করতেন মতি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগলেও নিয়মিত কর্মস্থলে যেতেন তিনি। গত বৃহস্পতিবার তাকে সর্বশেষ এলাকায় দেখা যায়। এরপর থেকে কয়েক দিন ধরে কক্ষের বাইরে না আসায় কেউ তার খোঁজ পাননি।
রোববার সকালে ভবনের ছাদে কাজ করতে গিয়ে এক ব্যক্তির মতির কক্ষ থেকে দুর্গন্ধ নাকে আসে। পরে বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে কক্ষের দরজার তালা ভেঙে ভেতর থেকে মতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মতি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এবং গত তিন-চার দিন ধরে তাকে কক্ষের বাইরে দেখা যায়নি।
ঘটনাস্থলে থাকা সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানায়, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
.png)






