logo

আপনার ছেলেমেয়েও রাস্তায় রাস্তায় কান্না করবে, ডিসিকে বিএনপির পরাজিত প্রার্থীর অভিশাপ 

আপনার ছেলেমেয়েও রাস্তায় রাস্তায় কান্না করবে, ডিসিকে বিএনপির পরাজিত প্রার্থীর অভিশাপ 

রংপুর-৪ আসনের (কাউনিয়া, পীরগাছা) ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার অনুসারীরা। এ সময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল আহসানের বিরুদ্ধে ভোট ছিনতাইয়ের অভিযোগ তুলে তাকে অভিশাপ দেন ভরসা। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমদাদুল হক ভরসা ডিসির উদ্দেশে বলছেন ভাই, আমার অভিশাপ থাকল। আল্লাহ আপনার বিচার করবেন। আমার বউ-বাচ্চাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে আমার ভোট ছিনতাই করেছেন। আল্লাহর কাছে বিচার দিলাম। আপনার ছেলেমেয়েও রাস্তায় রাস্তায় কান্না করবে। এটা আমার অভিশাপ। আপনি আমার ভোট ছিনতাই করেছেন। এর জবাব আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন।

ভরসা ডিসির উদ্দেশে আরও বলেন, আমাকে হারাতে গিয়ে কোনো নিয়ম মানা হয়নি, এখন ভোট পুনরায় গণনার আবেদন করছি, এখন আপনি নিয়ম দেখাচ্ছেন। সময়ক্ষেপণ করছেন। আপনার হাতে অনেক ক্ষমতা। আপনি সময়ক্ষেপণ করে আমার ব্যালট পেপার, রেজাল্ট শিট আপনি পরিবর্তন করতে পারেন। তাই আমি শুনতে চাই, আপনি কবে নাগাদ ভোট পুনর্গণনা করবেন সেটি জনগণকে বলেন।

বিএনপি প্রার্থীর অভিযোগ এবং অভিশাপ প্রসঙ্গে জানতে চাইলে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান গণমাধ্যমকে বলেন, রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এমদাদুল হক ভরসা ভোট পুনর্গণনার আবেদন দিয়েছেন। আমরা তার আবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করেছি। এ ছাড়া রংপুর-৬ আসনের (পীরগঞ্জ) বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম এবং রংপুর-৩ আসনের (সদর) বিএনপির প্রাথী শামসুজ্জামান সামুও পুনর্গণনার আবেদন জমা দিয়েছেন। নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা পেলেই ব্যবস্থা নেব। 

রংপুর-৪ আসনের ঘোষিত ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে শাপলাকলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ভরসা ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট পেয়ে ৯ হাজার ৪০২ ভোটের ব্যবধানে পরাজিত হন। ফল ঘোষণার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) থেকে ভোট পুনর্গণনার দাবিতে রংপুরের হারাগাছে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ভরসার সমর্থকরা।