logo
Advertisement

মৌলভীবাজারে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,মৌলভীবাজার
মৌলভীবাজারে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে চোরাই ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার দুই আসামি ও জব্দ করা মালামাল। ছবি : এশিয়া পোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা ৩০০ পিস ভারতীয় শাড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি বিশেষ দল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন জাম্বুরাছড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬) ও একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে তারেক মিয়া (২৬)।

পুলিশ জানায়, সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় লেহেন খাড়িয়ার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করে আনা শাড়ি মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন ও তারেককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরটি থেকে পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো খুলে ৩০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়, যার প্রতিটির আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানান, সহযোগীদের সাহায্যে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে এসব শাড়ি দেশে এনে তারা বিভিন্ন বাজারে বেশি দামে বিক্রি করতেন। অভিযানকালে অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, অবৈধভাবে বিদেশি পণ্য চোরাচালানের অভিযোগে আটক দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।