logo

সড়কের পাশে কাজের সময় দেখা মিলল অজগরের

সড়কের পাশে কাজের সময় দেখা মিলল অজগরের
শ্রীমঙ্গলের রাধানগরে অক্ষত অবস্থায় উদ্ধার করা অজগরটি হাতে উদ্ধারকারীরা। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় সড়কের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাধানগর এলাকায় সড়কের পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন একদল শ্রমিক। কাজ করার সময় সীমানা দেয়ালের ওপর অজগরটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

পরবর্তীকালে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) বসু দেব বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে বন বিভাগের মাধ্যমে সাপটি বনে অবমুক্ত করা হবে।