পিরোজপুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মিয়ারহাট বাজারে ‘ঔষধ ও প্রসাধনী আইন, ২০২৩’ অনুযায়ী এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ব্যবসায়ী মো. রুহুল আমীনকে ১০ হাজার টাকা এবং শহিদুল ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় নেছারাবাদ থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ না করার নির্দেশ দেওয়া হয় এবং ওষুধের মান ও মেয়াদের বিষয়ে সবসময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
