টেকনাফে ৮ কেজি আইস ও সাড়ে ৪ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের পৃথক অভিযানে ৮ কেজি ক্রিস্টাল মেথ বা আইস এবং ৪ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে মিয়ানমারের এক নাগরিকসহ দুজনকে আটক করা হয়েছে।
রোববার মধ্যরাত থেকে সোমবার (২৪ আগস্ট) বিকেল পর্যন্ত নাফ নদী ও সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযানগুলো চালানো হয়।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, রোববার রাত ১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর মৌলভীবাজার সীমান্ত এলাকায় মাদকের বড় একটি চালান পাচারের খবরে অভিযান চালায় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে বস্তা মাথায় নিয়ে তিনজনকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। পরে তিনজন তিনটি বস্তা ফেলে পালিয়ে যান। বস্তাগুলো তল্লাশি করে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, একই রাতে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় পৃথক অভিযানে আরও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সেখানে একটি নৌকায় করে তিনজনকে আসতে দেখে থামার সংকেত দেওয়া হলে তারা নৌকাটি কেওড়াবাগানে রেখে নদী সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে নৌকায় থাকা মাছের ঝুড়ি থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে সোমবার সকাল ৭টার দিকে টেকনাফের সাবরাং সীমান্তে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করে বিজিবি। আটক ব্যক্তির নাম শাহ আলম (৫০)। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, প্রযুক্তির সহায়তায় নাফ নদীর জলসীমায় সন্দেহজনক একটি নৌকার গতিবিধি শনাক্ত করা হয়। পরে নৌকাটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় নৌকায় থাকা তিনজনের মধ্যে দুজন নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। একজনকে আটক করা হয়। নৌকার কুঠুরিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়।
অন্যদিকে, সোমবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর গোলারচর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যান। তারা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুঁটলি ফেলে যান। পরে পুঁটলির ভেতরে চায়ের প্যাকেটের মধ্যে বিশেষ কৌশলে রাখা ৫ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের চালানটি বাংলাদেশে আনা হচ্ছিল।
এ ছাড়া সোমবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্টগার্ডের আরেক অভিযানে ৫ হাজার ইয়াবাসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের হিসাবে জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পৃথক অভিযানে উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতের বিষয়ে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।



