মেঘনায় ৪৪০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারডুবি

মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে চাঁদপুরে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্টসহ ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। দুপুরে চাঁদপুর নদীবন্দরে প্রবেশের মুখে মোলহেড এলাকায় নদীটির তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায়।
ট্রলারটির সুকানি ছিলেন আইয়ুব আলী। দুর্ঘটনার পরপরই আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে সুকানিসহ ট্রলারে থাকা চার আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর বলেন, কোম্পানির সিমেন্টের ক্ষতিপূরণ হয়তো হিসাব করে নির্ধারণ করা যাবে, কিন্তু ট্রলার মালিক হানিফ বেপারীর একমাত্র সম্বল ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তার দাবি জানাচ্ছি।
চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলারডুবির এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রলারটিতে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ছিল। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
.png)


