বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উপরে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে একটি ফেসবুক আইডিতে ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। এর আগে বিকেলে কোনো এক সময় পতকাটি উত্তোলন করা হয়।
ফেসবুকে ওই স্ট্যাটাসটিতে লেখা হয়, ‘বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’
স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে রাসেল শেখ নামে এক ব্যক্তি লিখেছেন, ‘ইনশাল্লাহ একদিন পুনর্বাসন হবে।’
আওয়ামী লীগ অফিসের পাশের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা অফিস। জেলা সিপিবির সভাপতি আমিনুল ফরিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিকেল ৪টা পর্যন্ত অফিসে ছিলেন। এরপর বের হয়ে যান। তখন কোনো জাতীয় পতাকা ছিল না। সন্ধ্যায় আসলে দেখেন দোতলার অংশে পতাকাটি উত্তোলন করা।
এর আগে ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ৫ আগস্ট কার্যালয়টিতে ফের আগুন দেওয়া হয়। পরে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে আওয়ামী লীগ কার্যালয়ের সঙ্গে লাগানো ছাত্র ইউনিয়নের কার্যালয়টি অক্ষত রাখা হয়। বর্তমানে কার্যালয়টির ধ্বংসাশেষে কিছু ছিন্নমূল মানুষ বসবাস করে। সেখানেই পতাকাটি উত্তোলন করা হয়েছে।