হারিকেন নিয়ে বিদ্যুৎ অফিসের সামনে গ্রাহকরা

সুনামগঞ্জে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন নিয়ে বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন করেছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সুনামগঞ্জবাসীর ব্যানারে শহরের আবাসিক বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
গ্রাহকদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়েছে। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না। দিনের পর দিন লোডশেডিংয়ের কারণে জীবন অতীষ্ট হয়ে উঠেছে। হারিকেন নিয়ে আমাদের এই কর্মসূচি বিদ্যুৎমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য।
পরে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন গ্রাহক নির্বাহী প্রকৌশলীর টেবিলে তিনটি হারিকেন নিয়ে যান এবং লোডশেডিং দ্রুত হ্রাস করে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার অনুরোধ জানান।
এদিকে মানববন্ধন কর্মসূচি চলাকালে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। উপস্থিত সাংবাদিকদের দাবি, মানববন্ধনের ছবি ও ভিডিও ধারণের সময় বিদ্যুৎ অফিসের কয়েকজন কর্মচারি আপত্তি জানান এবং বাধা দেওয়ার চেষ্টা করেন।
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মেহেদী হাসান বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট একটি কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। এ সময় বিদ্যুৎ অফিসের কয়েকজন ব্যক্তি ছবি ও ভিডিও ধারণে বাধা দেন এবং বিরূপ আচরণ করেন। গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে এ ধরনের প্রতিবন্ধকতা অনাকাঙ্ক্ষিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।
মানববন্ধনের আয়োজক মো. আম্মার আহমদ বলেন, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে গিয়েছিলাম। কিন্তু বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আমাদের ওপর চড়াও হয়। আমাদেরকে কর্মসূচি করতে বাধা দেওয়া হয়েছে। পরে তিনটি হারিকেন নিয়ে আমরা নির্বাহী প্রকৌশলীর অফিসে গিয়েছিলাম। দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছি।
সুনামগঞ্জ আবাসিক বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল মিয়া বলেন, বিদ্যুৎ অফিস একটি বিশেষ সংরক্ষিত এলাকা। অনুমতি ছাড়া প্রবেশের সুযোগ নেই। কিন্তু অনুমতি না নিয়েই কিছু লোক অফিসের সামনে জড়ো হয়েছিলেন এবং আমাদের লোকজনের ওপর চড়াও হয়েছে।
