logo

নিখোঁজের দুদিন পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
নিখোঁজের দুদিন পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে সালাউদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ যাদুকাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সালাউদ্দিনের (৫৯) বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর কাজীপাড়া গ্রামে। তিনি সাত সন্তানের জনক।

বিষয়টি নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সালাউদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, লাশে পচন ধরায় প্রাথমিকভাবে কিছু বুঝা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সালাউদ্দিন গত ৫ বছর ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবারসহ বাস করতেন। গত দুই দিন আগে সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। কীভাবে তিনি নদীতে গেলেন কেউ বলতে পারছেন না। অনেক খোঁজাখুঁজি করে গত দুই দিনে তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে আজ বুধবার সকালে যাদুকাটা নদী তীরে ঘাগড়া এলাকায় তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।

সাবেক ইউপি চেয়ারম্যান তারা মিয়ার ছেলে একরাম হোসেন বলেন, সালাউদ্দিনের নিজস্ব কোনো ভিটেমাটি নেই। আমাদের বাড়িতে আশ্রয় নিয়ে পরিবারসহ দীর্ঘদিন ধরে বাস করছেন। এখানে তার পাঁচটি গরু আছে, যা তিনি নিজেই দেখভাল করতেন। কীভাবে তার এমন মৃত্যু হলো আমরা কিছু বুঝে উঠে পারছি না।