logo

নাটোরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

নাটোরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অপরাধে জালাল উদ্দিন নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই মামলার রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুরে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধুলা করার সময় জালাল উদ্দিন (৬৫) তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির কান্না ও শারীরিক অসুস্থতা দেখে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।

ঘটনার পরই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।

এ বিষয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পিপি মুন্সি আবুল কালাম আজাদ বলেন, দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেওয়া হয়েছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।