logo

নোটারি কাগজে কোনো বিয়ে চলবে না: এমপি আবুল কালাম

নোটারি কাগজে কোনো বিয়ে চলবে না: এমপি আবুল কালাম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতামূলক অনুষ্ঠানে এমপি মো. আবুল কালাম। ছবি: এশিয়া পোস্ট

নোটারি পাবলিকের হলফনামা বা কাগজ দেখিয়ে কোনো বিয়ে চলবে না বলে জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতামূলক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

আবুল কালাম বলেন, বিয়ের সময় সরকারের প্রতিনিধি হিসেবে ম্যারেজ রেজিস্ট্রারদের (কাজী) সরাসরি উপস্থিত থেকে বিয়ে সম্পন্ন করতে হবে। ম্যারেজ রেজিস্ট্রাররা বাল্যবিবাহ নিবন্ধন না করলে আমার এলাকায় বাল্যবিবাহ হবে না। তাই এ বিষয়ে সবাইকে কঠোরভাবে সতর্ক থাকতে হবে।

এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘এলাকায় যারা ড্রেজার দিয়ে খালের মাটি কাটে, তাদের গ্রেপ্তার করবেন। অপরাধী যদি বিএনপির নেতাও হয়, তবুও তাকে গ্রেপ্তার করে ফেলবেন, ওসি সাহেব।’

জাতীয় সংসদ সচিবালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান, সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সনদ বড়ুয়া এবং মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ।

এ ছাড়া অনুষ্ঠানে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।