logo

হাতকড়া নিয়েই মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী দুই ভাই

হাতকড়া নিয়েই মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী দুই ভাই

কক্সবাজারের রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মী দুই ভাই।

প্যারোলো মুক্তি পেয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপরে তারা মায়ের জানাজায় অংশ নেন।

আসামিরা হলেন—উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের নূর আহমদের ছেলে ফরিদুল আলম ও মো. ইসমাইল। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উভয়েই দীর্ঘদিন ধরে কক্সবাজার কারাগারে বন্দি আছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ফরিদুল আলম ও ইসমাইলের মা মোস্তফা বেগম (৮০) শুক্রবার রাতে মারা যান। এ ঘটনায় নবী হোসেন নামের এক স্বজন শনিবার সকালে আদালতে তাদের প্যারোলে মুক্তির আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে তাদের প্যারোলো মুক্তি দেন। শনিবার তাদের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। 

শনিবার দুপুরে পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন এলাকায় মায়ের জানাজায় অংশ নেন দুই ভাই। জানাজায় হাতকড়া পরিহিত অবস্থায় ফরিদুল আলম ও ইসমাইল মায়ের জন্য এবং অসুস্থ বাবার জন্য দোয়া চান।

স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় দুই ভাইকে আটক করে কারাগারে পাঠানো হয়। সেই মামলায় জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় ফের গ্রেপ্তার দেখানো হয়। সেটার জামিন হলে রামুর মাহিন চৌধুরী নামে একজনের মামলায় আবারও গ্রেপ্তার হন দুই ভাই। এরপর আড়াই মাস ধরে তারা কারাগারে রয়েছেন।