logo

পহেলা বৈশাখে বগুড়ায় দেওয়া হবে ৩ হাজারের বেশি ‘কৃষক কার্ড’

পহেলা বৈশাখে বগুড়ায় দেওয়া হবে ৩ হাজারের বেশি ‘কৃষক কার্ড’

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম ধাপে তিন হাজারের বেশি কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘কৃষক কার্ড’। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলোর যাচাই-বাছাইয়ের কাজ এখন শেষ পর্যায়ে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখে) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ওই দিন থেকেই কৃষকদের মধ্যে কার্ড বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান বলেন, প্রাথমিকভাবে (প্রিপাইলটিং) দেশের আটটি বিভাগের ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উথলি ব্লকও রয়েছে।

উথলি ব্লকে প্রায় এক হাজার হেক্টর জমি এবং দুই হাজার ৬৯০টি পরিবার রয়েছে। এখানে তিন হাজার ৫১৬ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ২৪৭ জনের ব্যাংক হিসাব খোলা হয়েছে। বর্তমানে এসব তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই শেষে উপযুক্ত কৃষকদের কার্ড দেওয়া হবে।

এর আগে ১৬ মার্চ বুড়িগঞ্জ বাজার এলাকায় বিলহামলা খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, পহেলা বৈশাখ থেকেই কৃষক কার্ড বিতরণ শুরু হবে। প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলার তিন হাজারের বেশি কৃষক এ সুবিধা পাবেন।

উপজেলা কৃষি অফিস জানায়, গত ৮ মার্চ থেকে শিবগঞ্জে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়, যা এখন প্রায় শেষ।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহার, কম খরচে সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বিমা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, প্রশিক্ষণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য পাবেন। পাশাপাশি ফসলের রোগবালাই সম্পর্কেও পরামর্শ নেওয়া যাবে।

কৃষি কর্মকর্তা আবদুল হান্নান আরও বলেন, বর্তমানে প্রিপাইলটিং কার্যক্রম চলছে। ১৪ এপ্রিলের পর দেশের ১৫টি উপজেলায় পাইলট প্রকল্প শুরু হবে। পরে তা ১০০টি উপজেলায় বিস্তৃত করা হবে এবং আগামী অর্থবছরে সারা দেশে এ কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।