শূন্যরেখা থেকে সেই তিন যুবক ১৭ দিন পর ‘উধাও’

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
শূন্যরেখা থেকে সেই তিন যুবক ১৭ দিন পর ‘উধাও’
তিন যুবকের দুই দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্ত থেকে সম্প্রতি তোলা। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো (পুশইন) তিন যুবককে শূন্যরেখায় দেখা যাচ্ছে না।

Advertisement

টানা ১৭ দিন ধরে শূন্যরেখায় অবস্থান নেওয়ার পর বুধবার (১ জুলাই) ভোর থেকে সেখানে তাদের দেখা যাচ্ছে না।

তারা কোথায় গেছেন, নাকি কোনো পক্ষ তাদের সরিয়ে নিয়েছে–এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে, গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রৌমারীর গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান নেন।

এর মধ্যে ছয়জনকে তাদের স্বজনদের কাছে কোনো একটি পক্ষ হস্তান্তর করে বলে জানা যায়। তবে তাদের সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্য তিনজন টানা ১৭ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকেন। সেখানে খোলা আকাশের নিচে অস্থায়ী ছাউনি বানিয়ে থাকছিলেন তারা।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বুধবার ভোর থেকে তাদের সেখানে দেখা যাচ্ছে না। তারা কোথায় গেছেন তা নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খতিয়ে দেখতে নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।