logo

১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়

১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়
সোঁনালী চকলেটে বানানো হয়েছে দেবী দুর্গা। ছবি: এশিয়া পোস্ট

দেবী দুর্গার প্রতিমা তৈরিতে মাটি, খড়সহ নানা ধরনের উপকরণ ব্যবহার করা। কোথাও থাকে শৈল্পিক সাজসজ্জা, কোথাও ফুটে ওঠে ঐতিহ্যের অনন্য প্রকাশ। তবে এবার সবকিছুকে ছাপিয়ে ভিন্নধর্মী এক আয়োজনের চমক দেখিয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর। সেখানে ১০ হাজার গোল্ডেন কয়েন চকলেট দিয়ে তৈরি করা হয়েছে দুর্গাপ্রতিমা। সোনালি আভায় মোড়ানো এই ব্যতিক্রমী প্রতিমা দেখতে মন্দিরে ভিড় করছেন দর্শনার্থীরা।

তাহেরপুর শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দিরে স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংঘের উদ্যোগে তৈরি করা হয়েছে এই বিশেষ প্রতিমা। গোল্ডেন কয়েন চকলেটের নান্দনিক ব্যবহার প্রতিমাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রচলিত উপকরণের বাইরে এমন সৃজনশীল আয়োজন পূজামণ্ডপটিকে আলাদা করে তুলেছে।

প্রতিমাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এটি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দেবী দুর্গা ও তার সন্তানদের চকলেটের আবরণে ফুটিয়ে তোলার এই ব্যতিক্রমী প্রচেষ্টা দেখতে মন্দিরে আসছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা।

আয়োজকেরা জানান, প্রতিমাটি তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ১০ হাজার পিস গোল্ডেন কয়েন চকলেট। এতে ব্যয় হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। প্রতিমা নির্মাণের দায়িত্বে ছিলেন নাটোরের প্রতিমাশিল্পী নীল কুমার দাস। নিপুণ কারুকাজে তিনি চকলেট দিয়ে দেবী দুর্গা ও তার সন্তানদের রূপ ফুটিয়ে তুলেছেন।

আয়োজকদের ভাষ্য, প্রতি বছরই পূজায় দর্শনার্থীদের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে নবজাগরণ সংঘ। সেই ভাবনা থেকেই এবার প্রচলিত ধারার বাইরে গিয়ে চকলেট দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। ব্যতিক্রমী এই উদ্যোগের মধ্য দিয়ে পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করাই ছিল তাদের লক্ষ্য।

তাহেরপুর শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির কমিটির সভাপতি শিবেন হালদার ও সাধারণ সম্পাদক দিজেন হালদার জানান, এবারের চকলেট প্রতিমা এলাকার পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। দর্শনার্থীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে প্রতিমা দর্শন করতে পারেন, সেজন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।