logo

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত
নিহত মো. জোহা। ছবি: সংগৃহীত

চাঁদপুরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মো. জোহা নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (৩১ মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে মোটরসাইকেলের আরোহী মো. সাজ্জিল।

নিহত জোহা (১৭) শাহরাস্তি উপজেলার মিরাজ সালেহউদ্দিন তছলিমের ছেলে। জোহার মামা মোহাম্মদ আলী পাঠান ইসলামপুর গাছতলা পাঠানবাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান। সে ছোটবেলা থেকে মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করে। জোহা এ বছর চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

আর আহত সাজ্জিল একই গ্রামের আবু তাহের পাটওয়ারীর ছেলে। সে বর্তমানে চাঁদপুর সরকারি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা বলেন, মোটরসাইকেল নিয়ে জোহা ও তার বন্ধু সাজ্জিল ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিল। পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোহাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই জোহা নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।