logo

টেকনাফে গুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
টেকনাফে গুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে হাসান আহমেদ ওরফে কালা হাসান নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ মে) দুপুরে এ তথ্য জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার।

নিহত হাসান আহমেদ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে। তিনি সন্ত্রাসী ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

মোহাম্মদ কাউছার সিকদার বলেন, পূর্বশত্রুতার জের ধরে রোহিঙ্গা সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা হাসান আহমেদকে লক্ষ্য করে গুলি করে ক্যাম্পের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যান। গুলিতে হাসান আহমেদ গুরুতর আহত হন। স্থানীয় রোহিঙ্গারা আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে জি কে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে নেওয়ার পথেই হাসানের মৃত্যু হয়।

এপিবিএন অধিনায়ক কাউছার আরও জানান, খবর পেয়ে নয়াপাড়া এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত হাসান আগে জকির গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং দুটি অপহরণ মামলা রয়েছে।