কুমিল্লায় আটক ৬২৪ কিশোর: অভিভাবকের জিম্মায় ৪৫১, আদালতে ১৭৩

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জন কিশোর গ্যাং ও বখাটেদের আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৪৫১ জন কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৩ জনকে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আটক ৬২৪ জনের মধ্যে ৪৫১ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর বিষয়ে তাদের অভিভাবকদের সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন অপরাধে সম্পৃক্ততা থাকায় যে ১৭৩ জনকে আদালতে পাঠানো হয়েছে, তাদের মধ্যে মাদকসেবী, নিয়মিত মামলার আসামি, মোবাইল কোর্টে সোপর্দযোগ্য ব্যক্তি, নিষিদ্ধ সংগঠনের সদস্য ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। আটক ব্যক্তিদের কারও পূর্বের অপরাধের তথ্য আছে কি না, তাও যাচাই করা হচ্ছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, আটক ব্যক্তিদের পূর্বাপর রেকর্ড যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
