কুমিল্লায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

কুমিল্লা নগরীর কোতোয়ালি থানা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২৯ এপ্রিল) ভোরে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন মো. রুবেল, মো. সেলিম ও মো. ইউসুফ। তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা কুমিল্লা ও আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর কোতোয়ালি থানা এলাকায়ই ছিনতাইকারীদের হাতে নিহত হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। পরদিন ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইতোমধ্যে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।