ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর ওসি প্রত্যাহার

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিনের মাথায় ডিবির ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এর আগে, গত রোববার সকালে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে ছাত্রলীগের এক কর্মী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিবি হেফাজতে মারা যান। শনিবার বিকেল পাঁচটার দিকে তাকে মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া মহল্লায় নিজ বাড়ি থেকে আটক করে ডিবি।
ঘটনা তদন্তে রোববার পুলিশের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও সার্বিক পরিস্থিতি তদন্তের জন্য গঠিত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এর মধ্যে মঙ্গলবার ডিবি কর্মকর্তাকে প্রত্যাহার করে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ডিবির ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে সদর জোন থেকে প্রত্যাহার করা হলো। তাকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইনসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।






