তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

মাত্র তিন দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) দুই চালকের মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কামরুল ইসলাম (৪০) নামের এক চালক।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
নিহত কামরুল ইসলাম খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনা ও চিকিৎসাধীন অবস্থায় চালক কামরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে কেসিসির একটি বর্জ্যবাহী ট্রাক নিয়ে জয় বাংলা মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন চালক কামরুল ইসলাম। পথে নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে কামরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে, গত ৮ অক্টোবর নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ এলাকায় কেসিসির যান্ত্রিক গ্যারেজে বর্জ্যবাহী গাড়ির চাপায় প্রাণ হারান আব্দুস সালাম (৪৮) নামের আরেক চালক। নিহত আব্দুস সালাম লবণচরা থানার নিজ খামার এলাকার বাসিন্দা মেসের আহম্মেদের ছেলে।
