পাহাড়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকার অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনীর ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাঙামাটি সেনা রিজিয়নের ‘প্রান্তিক’ হলে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।
রাঙামাটি সেনা রিজিয়ন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জেলার ১০ উপজেলা থেকে ১৫ জন চিকিৎসা সহায়তাকারী অংশ নেন।

আয়োজকরা জানান, ভৌগোলিক দুর্গমতা ও যাতায়াত সমস্যার কারণে প্রত্যন্ত অঞ্চলের মা ও শিশুরা সময়মতো জরুরি চিকিৎসা পায় না। এই ঝুঁকি কমাতে স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল গড়ে তুলতেই সেনাবাহিনী ও সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, পাহাড়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিরলস কাজ করছে। এ ধরনের প্রশিক্ষণ মাতৃ ও শিশু মৃত্যু হার কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
