Advertisement

বন্যার্তদের জন্য চালু হবে খাদ্য সহায়তা কর্মসূচি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
বন্যার্তদের জন্য চালু হবে খাদ্য সহায়তা কর্মসূচি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ত্রাণ দিচ্ছেন বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: এশিয়া পোস্ট

সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। আগামী এক সপ্তাহের মধ্যে খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় জেলার চলমান বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ কার্যক্রম, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা শেষে বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সহায়তা দেন।

বিষয় :খাগড়াছড়ি