বৃষ্টির পানিতে হাসপাতালে জলাবদ্ধতা, ভোগান্তিতে রোগীরা

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
বৃষ্টির পানিতে হাসপাতালে জলাবদ্ধতা, ভোগান্তিতে রোগীরা
কুমিল্লা সদর হাসপাতালে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। ছবি: এশিয়া পোস্ট

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কের পাশাপাশি কুমিল্লা সদর হাসপাতালেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কক্ষে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েন ভর্তি রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের মেঝেতে হাঁটুর নিচ পর্যন্ত পানি জমে রয়েছে। অনেক রোগী ও স্বজনকে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজনেও কেউ কেউ কক্ষ থেকে বের হতে পারছেন না। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতালে ভর্তি অপারেশনের রোগী রোজীনা বলেন, আমি অপারেশনের রোগী। বাইরে থেকে একটি ডাব আনানোর প্রয়োজন ছিল। কিন্তু নিচে এত পানি আর পোকামাকড়ের ভয় থাকায় বের হতে পারছি না। খুব কষ্ট হচ্ছে।

আরেক রোগী বলেন, রাতে এত পানি ছিল না। সকাল থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে পানি বাড়তে থাকে। এখন ওয়ার্ডের ভেতরেও পানি ঢুকে গেছে। এতে আমাদের চলাফেরা ও চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ইকবাল বলেন, সকাল থেকে টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। বিভিন্ন বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং হাসপাতালেও পানি প্রবেশ করে। শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করেছে।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর বলেন, বিষয়টি আমরা জেনেছি। অতিরিক্ত বৃষ্টির কারণে পানি প্রবেশ করেছে। পানি দ্রুত অপসারণ এবং রোগীদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এ সমস্যা আজ নতুন নয়, অনেক বছর ধরে হাসপাতালে পানি ঢোকে।

বিষয় :কুমিল্লা