Advertisement

সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আরও পাঁচজন শনাক্ত

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আরও পাঁচজন শনাক্ত
ছবি: সংগৃহীত

সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে। হামের পাশাপাশি এবার ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। সবশেষ ২৪ ঘণ্টায় মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত নতুন করে আরও পাঁচজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯০ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে। নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জের দুইজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত চলতি বছরে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন আছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে নয়জন আক্রান্ত হয়েছেন।

এর বাইরে দেশের অন্যান্য জেলা থেকে সিলেট বিভাগে এসে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা তিনজন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও বরিশাল জেলার একজন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি মশাবাহিত এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিষয় :সিলেট