logo
Advertisement

আদালত প্রাঙ্গণে আ.লীগের পক্ষে স্লোগান, ১০ আইনজীবীর বিরুদ্ধে মামলা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কুমিল্লা, চট্টগ্রাম
আদালত প্রাঙ্গণে আ.লীগের পক্ষে স্লোগান, ১০ আইনজীবীর বিরুদ্ধে মামলা
কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা আদালত প্রাঙ্গণে মিছিল, স্লোগান ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বৃহস্পতিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গণে একদল ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা মিছিল ও স্লোগানের মাধ্যমে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বিঘ্নিত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, আসামিরা নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিল ও স্লোগানের মাধ্যমে অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কার্যকলাপ এবং আদালত প্রাঙ্গণে বিভ্রান্তিমূলক ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে জনমনে ঘৃণা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে নাম থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক বরুড়া উপজেলার আবু ইউসুফ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক বুড়িচং উপজেলার আব্দুল আলিম, বঙ্গবন্ধু আইনজীবী ঐক্য পরিষদের সদস্য কুমিল্লা রেসকোর্স এলাকার নসরুল হাসান অপু, কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক আছিয়া মেহজাবিন খান নিশু, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বুড়িচং উপজেলার শাহ আলম এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক বরুড়া উপজেলার জালাল আহমেদ সাজু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ব্রাহ্মণপাড়া উপজেলার মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খোকন, বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, বুড়িচংয়ের শিকারপুর গ্রামের মেজবাহ উদ্দিন জনি ও সাইফুল ইসলাম সানি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রেজাউল করিম শাওন, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা সানি খন্দকার, নগরীর মনোহরপুর এলাকার তারেক, কুচাইতলি গোল্ডেন সিটি এলাকার রাজন, কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান লিটন, বুড়িচং উপজেলার নিমসার কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইসমাইল এবং নিমসার কলেজ ছাত্রলীগ নেতা মো. ইমন।

তবে মামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু ইউসুফ। তিনি বলেন, মামলার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। পুলিশ আমাদের হয়রানি করতেই এ মামলা করেছে।

এদিকে মামলার আসামিদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, মামলার অভিযোগে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। কেউ ঘটনায় জড়িত না থাকলে তদন্ত করে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে। মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।