‘ধানের শীষে ভোট দিলে কেউ আর ভোটাধিকার হরণ করতে পারবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি। ধানের শীষে ভোট দিলে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আর কোনোদিন কেউ ভোটাধিকার হরণ করতে পারবে না। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার হরণ করতে পারবে না।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার কাজীপাড়ায় পথসভায় এসব কথা বলে তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এমনভাবে সাংবিধানিক সংস্কার করবে যাতে এদেশের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী হয়। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এ দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনাদের রায়ের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি রচিত হবে।
তিনি বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সে জন্য এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।
বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।
সালাহউদ্দিন আহমদ সকালে চকরিয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। তিনি গণসংযোগের শুরুতেই চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের করব জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়াপাড়া, হিন্দুপাড়া, আমাইন্নারচর হালকাকারাসহ বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার গণসংযোগে নারী পুরুষ শ্রেণিপেশার মানুষের ঢল নামে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি আহ্বায়ক নুরুল ইসলাম হায়দার, সদস্যসচিব আব্দুর রহিমসহ অন্যান্য নেতা।