logo
Advertisement

স্বাস্থ্যসেবার পরিধি বাড়াচ্ছে ইউনিয়ন হসপিটাল, রামাদার সঙ্গে সমঝোতা চুক্তি

এশিয়া পোস্ট নিউজ,কক্সবাজার
স্বাস্থ্যসেবার পরিধি বাড়াচ্ছে ইউনিয়ন হসপিটাল, রামাদার সঙ্গে সমঝোতা চুক্তি
রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজারের সঙ্গে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির সমঝোতা স্মারক সই। ছবি: এশিয়া পোস্ট

প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে হোটেল রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। চুক্তির আওতায় হোটেলটির কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হলো।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) দুপুরে হোটেল রামাদার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মুকিত চৌধুরী এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজারের জেনারেল ম্যানেজার শেভান গুনারতনে।

সমঝোতা অনুযায়ী, রামাদার কর্মকর্তা-কর্মচারীরা ইউনিয়ন হসপিটাল থেকে স্বাস্থ্য পরীক্ষা, জরুরি চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন। এ ছাড়া থাকছে নির্ধারিত সেবায় বিশেষ ছাড়ের সুবিধা।

ইউনিয়ন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে কর্মীদের প্রয়োজনের সময় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সহজ হবে।

চুক্তি সই অনুষ্ঠানে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির উপদেষ্টা ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী, চেয়ারম্যান হাসনা হুরাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বেলাল উদ্দিন জয়, পরিচালক (ফাইন্যান্স) আল মামুন, পরিচালক (মানব সম্পদ) মোয়াজ্জেম হোসাইন সাকিল, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, নুরুল হক এবং জনসংযোগ কর্মকর্তা রুহুল কাদের শিলু উপস্থিত ছিলেন।

অপরদিকে রামাদার পক্ষে উপস্থিত ছিলেন রুম ডিভিশন ম্যানেজার শাহাদাত হোসেন, সিস্টেম অপারেশন ম্যানেজার নিরব হোসেন, অ্যাসিস্ট্যান্ট এইচআর ম্যানেজার আহমেদুল হাসান, রেস্টুরেন্ট ম্যানেজার মেহেদী হাসান ও সেলস কো-অর্ডিনেটর জোয়ানা ক্যাথলিন।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করেন, পর্যটননির্ভর কক্সবাজারে হোটেল, পর্যটন ও সেবা খাতের কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।