নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. তরিকুল ইসলাম নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান। ভুক্তভোগী ওই নারী গত ৭ সেপ্টেম্বর লোহাগড়া থানায় মামলাটি করেন।
অভিযুক্ত তরিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ঈশানগাতী গ্রামের মৃত ইকলাস মোল্যার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন। এ সুযোগে তরিকুল ইসলাম বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেওয়াসহ অশ্লীল অঙ্গভঙ্গি করতেন বলে অভিযোগ করা হয়েছে। ওই প্রস্তাবে রাজি না হওয়া এবং বিষয়টি স্বামীকে জানানোয় তরিকুল তার ওপর ক্ষুব্ধ হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও অভিযোগ করা হয়, একপর্যায়ে তরিকুল ওই গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট রাত আড়াইটার দিকে বাড়িতে থাকা হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। পরে হাঁস-মুরগি দেখে ঘরে ফেরার সময় পেছন থেকে তরিকুল তাকে জাপটে ধরেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনের সহযোগিতায় তরিকুল তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে তার মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তরিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
অভিযোগের বিষয়ে লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


