স্কুলছাত্রীকে ধর্ষণ দাবিতে মামলা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
স্কুলছাত্রীকে ধর্ষণ দাবিতে মামলা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর
ছবি: এশিয়া পোস্ট

পাবনার সাঁথিয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (১-২ জুলাই) উপজেলার আর আতাইকুলা থানার একটি গ্রামে এসব ঘটনা ঘটে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন ভোররাত প্রায় ৪টার দিকে সৌদি প্রবাসী এক ব্যক্তির অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ঘর থেকে বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা মামুন ও জুয়েল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

এ ছাড়া অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি মোবাইল ফোনে ধারণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়েছে।

পরে ওই স্কুলছাত্রী ঘটনাটি তার মাকে জানালে, বুধবার (১ জুলাই) তার মা বাদী হয়ে আতাইকুলা থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে বুধবার রাতে অভিযুক্ত মামুনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অপর অভিযুক্ত জুয়েলের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

অভিযুক্ত মামুন ও জুয়েল দুজনই বিবাহিত। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।