
নীলফামারীতে উৎপাদিত ধানের লাভের বড় অংশ চলে যাচ্ছে ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের পকেটে। সরকারি সংগ্রহমূল্য মণপ্রতি এক হাজার ৪০০ টাকা নির্ধারণ থাকলেও কৃষকেরা ৮০০ থেকে এক হাজার টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
নীলফামারীর ছয় উপজেলায় এবার এক লাখ ১৩ হাজার ২২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বিপরীতে আবাদ হয়েছে এক লাখ ১৩ হাজার ২০৫ হেক্টর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র ১৫ হেক্টর কম। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ৫৪০ মেট্রিক টন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে জেলার ৭৮ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। সে হিসাবে প্রায় ৮৮ হাজার ৩০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বাকি রয়েছে ২২ শতাংশ। লক্ষ্যমাত্রার অনুপাতে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৩২ হাজার ৫৪১ মেট্রিক টন ধান কর্তনের আওতায় এসেছে। বাকি ধান কাটা সম্পন্ন হলে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি বিভাগ।
শুধু আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করলেই কৃষকের লাভ নিশ্চিত হচ্ছে না। জমির বর্গামূল্য, সার, কীটনাশক, সেচ, হালচাষ ও শ্রমিকের মজুরি বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাড়েনি ধানের দাম। সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৫ টাকা, অর্থাৎ মণপ্রতি এক হাজার ৪০০ টাকা। অন্যদিকে, স্থানীয় বাজারে কৃষকেরা গড়ে কেজিপ্রতি ২৫ টাকা বা মণপ্রতি ৮০০ থেকে এক হাজার টাকা দরে ধান বিক্রি করছেন। ফলে সাধারণ কৃষকেরা প্রতি কেজিতে ১০ টাকা কম পাচ্ছেন।
কৃষকদের এই সংকটের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বাজারব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও সরকারি সংগ্রহের সীমাবদ্ধতাকে। সরকারি সংগ্রহমূল্যের চেয়ে অনেক কম দামে কৃষকদের কাছ থেকে ধান কিনছেন স্থানীয় পাইকাররা। অন্যদিকে, কৃষকের ঘরে ধান থাকা অবস্থায় দাম কম থাকলেও পরবর্তী সময়ে বাজারে ধানের দাম বেড়ে যায়। এতে কৃষকের উৎপাদিত ফসলের লাভের বড় অংশ চলে যায় ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের পকেটে।
নীলফামারী সদর উপজেলার কৃষক আইনুল হক বলেন, ধান আবাদ করতে গিয়ে সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিতে খরচ অনেক বেড়েছে। কিন্তু ধান বিক্রি করতে গিয়ে সেই অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে, সেটিও আমরা পাই না। এর চেয়ে মণপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা কম দামে ধান বিক্রি করতে হচ্ছে।
ডোমার উপজেলার কৃষক জামিয়ার রহমানের অভিযোগ, ধান কাটার মৌসুমে পাইকাররা কম দাম বলে ধান কিনে নেন। কৃষকের ঘরে ধান থাকা পর্যন্ত দাম কম থাকে। পরে বাজারে যখন ধানের দাম বাড়ে, তখন কৃষকের ঘরে আর ধান থাকে না। কারণ কৃষকরা ধান বিক্রি করে আরেকটি ফসলের চাষাবাদ করতে হয়। এ জন্য আগেভাগেই ধান বিক্রি করে দিতে হয়। তাই উপায় না পেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন তারা। এতে সারা বছরের পরিশ্রম করেও লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে।
জলঢাকা উপজেলার কৃষক রেজাউল ইসলাম বলেন, উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। কিন্তু ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে না। সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পরিমাণ বাড়ায়, তাহলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকেরা কিছুটা হলেও লাভবান হবেন।
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়া পর্যন্ত বাইরের বাজারে ফড়িয়া ও পাইকাররা নিজেদের ইচ্ছেমতো দামে ধান কেনাবেচা করেন। এতে অনেক সময় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন কৃষকেরা।
তিনি আরও বলেন, নীলফামারী সদর উপজেলায় ইতোমধ্যে সরকারি দামে ধান কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি মূল্যে ধান বিক্রির জন্য এ পর্যন্ত এক হাজার ২০০ জন কৃষক আবেদন করেছেন। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারলে কৃষকেরা কিছুটা হলেও লাভবান হবেন।
