জামিনের পর নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অন্য মামলায় গ্রেপ্তারের নির্দেশ

কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা ‘ফ্যাসিস্ট’ সংগঠনের নেতাকর্মীদের জামিনের পর অন্য মামলায় আবারও গ্রেপ্তার দেখাতে রাজশাহী রেঞ্জ ডিআইজির অধীনস্থ আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) প্রতি একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত অফিস আদেশটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বর্তমানে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা ‘ফ্যাসিস্ট’ সংগঠনগুলোর নেতাকর্মীদের আদালত থেকে জামিন পাওয়ার পর দলকে শক্তিশালী, সংগঠিত এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে যারা সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার বা ‘শোন-অ্যারেস্ট’ দেখাতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই। প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচালিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। ইতোপূর্বে বিষয়টি গ্রুপ ম্যাসেজে আপনাদের অবহিত করা হয়েছে। বিষয়টি অনুসরণীয় ও গুরুত্বপূর্ণ।
এমন নির্দেশনার বিষয়ে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এটি গোপন চিঠি। আপনাদের কাছে যাওয়ার কথা নয়। তবে দেশে সর্বহারাসহ এমন অনেক নিষিদ্ধ সংগঠন রয়েছে। এটি শুধু আওয়ামী লীগকে নির্দেশ করে বলা হয়নি। জনগণের জান ও মালের নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীতে আমরা অনেক শান্তিতে আছি। আমরা রাজশাহীর মানুষকে শান্তিতে রাখতে চাই।