logo
Advertisement

হাসিনা ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন—হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

হাসিনা ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন—হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: এশিয়া পোস্ট

শেখ হাসিনা ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুটি হাতকড়া থাকবে—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপী বেগমের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করা হবে। বাংলাদেশের মানুষের ওপর আপনি যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা পার্শ্ববর্তী দেশকে অনুরোধ করেছি, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোসররা, যারা পলায়ন করে আছেন, তাদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সবকিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।

শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা করার জন্য; যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছেন, তারা যাতে পুলকিত হন। এ কারণে এ কথাগুলো বলে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তার বিচার করার জন্য আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার ও জনগণের টাকা লুটের বিষয়গুলোর সমাধান করতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।