ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির ২ দিনের মধ্যে নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কল্পনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫ জন ভর্তি হয়েছে।
মারা যাওয়া কল্পনা খাতুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোমিনপুর গ্রামের সুরুজ আলীর স্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন কল্পনা। তিনি ডেঙ্গু জ্বরের সঙ্গে সেপটিক শক, ডায়াবেটিস, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা, হৃদপিণ্ডের আকার বড় হয়ে যাওয়া এবং ব্রঙ্কিয়েকটেসিসে ভুগছিলেন।
এমতাবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হলে আজ ভোরে আইসিইউতে মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি ১৪৮ জনের মধ্যে পুরুষ ৪৭ জন, নারী ৪২ জন ও শিশু রয়েছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২ হাজার ৬৪৭ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিল।