ঝড়ে ভেঙে গেল স্কুলঘর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঝড়ে ভেঙে পড়েছে একটি গার্লস স্কুলের নতুন নির্মিত ঘর। ঘটনাস্থলে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০১২ সাল থেকে এলাকাবাসীর সহযোগিতায় আল হেরা পাবলিক গার্লস স্কুল নামে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি পুরোনো ভবন থেকে নতুন স্থানে স্থানান্তরের জন্য টিনশেড ঘর নির্মাণ করা হয়। কিছু দিনের মধ্যে সেখানে পাঠদান শুরু হওয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস মিয়া বলেন, ঝড়ের সময় শিক্ষার্থীরা স্কুলে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
স্কুলটির প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন লিটন বলেন, আমিসহ স্থানীয়দের অর্থায়নে ঘরটি নির্মাণ করা হচ্ছিল। কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। খুব শিগগিরই ক্লাস শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু ঝড়ে সবকিছু ভেঙে গেল।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এশিয়া পোস্টকে বলেন, আমাদেরকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। খোঁজ নিয়ে সরেজমিন গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।