কিশোরকে আটকে বাল্যবিয়ে দিলেন কিশোরীর বাবা

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরকে আটকে রেখে বাল্যবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর ধনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই কিশোর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদ গ্রামের বাসিন্দা। সে শহরের ইকো কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, স্থানীয় বোচাপুকুর ধনীপাড়া গ্রামের এক কিশোরীর সঙ্গে ওই কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে বুধবার কিশোরীর বাড়িতে ডেকে নিয়ে কিশোরকে আটকে রাখা হয়। পরে কনের বাবার সম্মতিতে দুজনের বাল্যবিয়ে দেওয়া হয়।
ওই কিশোর বলে, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। গতকাল জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। আমার বয়স কম। আমার পরিবার এ বিয়ে মেনে নিচ্ছে না।
তার বাবা বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলে অপ্রাপ্তবয়স্ক, পড়াশোনা করছে। এ বিয়ে আমরা মানি না।
অভিযোগের বিষয়ে কনের বাবা বলেন, অনেক দিন ধরে ছেলে ও মেয়ের মধ্যে পরিচয় ও সম্পর্ক। দুই পরিবারের সম্মান রক্ষার কথা বিবেচনা করে বিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।