এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ, আলোচিত ওসি মনিরুলকে প্রত্যাহার

নানা সমালোচনা ও বিতর্কের পর সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীমের স্বাক্ষরিত চিঠিতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
গত ৩০ জুলাই এশিয়া পোস্টে “সন্তান মারা যাচ্ছে কিন্তু ছুটি চেয়েও পাননি পুলিশ সদস্য মামুনুর রশি” শিরোনামে বিশেষ প্রতিবেদ প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোগলাবাজার থানায় কর্মরত মামুনুর রশিদ নামে এক কনস্টেবল বারবার ছুটি চাইলেও থানার ওসি নাকচ করে দেন। সময়মতো চিকিৎসা না পাওয়ায় প্রসবকালীন জটিলতায় তার যমজ দুই নবজাতকের মৃত্যু হয়। বিষয়টি জানিয়ে মনির হোসেনের বিরুদ্ধে এসএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন মামুনুর রশিদ।
মামুনুর রশিদকে পরে গণমাধ্যমে প্রকাশিত আরেকটি প্রতিবেদন আলোচনায় আসে। প্রতিবেদনে তার বিরুদ্ধে জব্দকৃত চোরাচালানের কম্বল সংখ্যায় কম দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ ওঠে।
প্রত্যাহারের বিষয়ে এসএমপি কমিশনার মো. সারোয়ার মোর্শেদ শামীম বলেন, প্রশাসনিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
মামুনুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই অভিযোগগুলোর তদন্ত চলমান রয়েছে।



