র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালাল ডাকাত দল

জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করেছে র্যাব-৫। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।
শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজ সংলগ্ন এলাকায় র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প (সিপিসি-৩) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
র্যাব জানায়, অভিযান চলাকালে তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ডাকাত দলের সদস্যরা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।


