ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় সিএনজি শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Advertisement

রোববার (২১ জুন) সকালে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সোহেল মিয়া (৪৫) উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। একপর্যায়ে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশাটি রেখে চা পানের উদ্দেশ্যে মহাসড়কের অপর পাশে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির মাছবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও সিএনজিচালকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ প্রশাসন শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চালকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ মহাসড়ক পারাপার করেন। কিন্তু সেখানে নিরাপদ পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ভবিষ্যতে এ ধরনের নির্মম দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।