প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নামে পণ্য পাচার, কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

যশোরের বেনাপোল কাস্টমস হাউসের একটি চক্র প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম ব্যবহার করে কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচারের সময় ধরা পড়েছে। এ ঘটনায় কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পণ্যবোঝাই ট্রাকসহ তাদের আটক করা হয়। জব্দকৃত ট্রাকে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), ট্রাকচালক মহসিন আলী (৩৪) ও হেলপার জাহিদ হাসান (২১)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম ব্যবহার করে বেনাপোল কাস্টমস হাউসের গুদাম থেকে বিভিন্ন সময়ে জব্দকৃত ভারতীয় পণ্য অবৈধভাবে সরিয়ে পাচারের চেষ্টা করছে। এরপর বিজিবির আট সদস্যের একটি দল বেনাপোলের দুর্গাপুর মোড়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেনাপোল কাস্টমস হাউসের গুদামে সংরক্ষিত জব্দকৃত ভারতীয় পণ্য চুরি করে এই চালানটি সরানো হচ্ছিল। উদ্ধার হওয়া পণ্যের সঠিক পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস বোঝাই একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। পণ্যের মূল্য নির্ধারণ ও আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।







