logo

দাহ্য পদার্থ ছুড়ে তিন লাখ টাকা ছিনতাই

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
দাহ্য পদার্থ ছুড়ে তিন লাখ টাকা ছিনতাই
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দগ্ধ রফিক। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় দিনদুপুরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে প্রাইভেটকারের যাত্রীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দগ্ধ যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

সোমবার (১ জুন) বিকেল ৩টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্ট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দগ্ধ মো. রফিক টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার হোসেন আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায়চালিত প্রাইভেটকারচালক।

হাসপাতালে চিকিৎসাধীন রফিক বলেন, সোমবার দুপুরে টেকনাফ থেকে তার ছোট ভাই মো. জাহিদের যাত্রীবাহী প্রাইভেটকারে করে ছেলের জন্য ইজিবাইক কেনার জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মেরিন ড্রাইভের দরিয়ানগর-সংলগ্ন এলাকায় পৌঁছালে চারটি মোটরসাইকেলে আটজন আগেপিছে অবস্থান নিয়ে গাড়িটি থামায়। এ সময় মোটরসাইকেল থেকে চারজন নেমে ছুরির ভয় দেখিয়ে তাকে বেরিয়ে আসার হুমকি দেয়। একপর্যায়ে তার বাম পায়ের উরুতে তরল দাহ্য পদার্থ ছোড়ে।

তিনি বলেন, এতে তার পা ও হাতে জ্বালাতন শুরু হয়। এ সময় তিনি ছটফট করতে থাকেন। এর একপর্যায়ে দুর্বৃত্তরা প্যান্টের পকেট থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া দাহ্য পদার্থ লেগে তার মোবাইলফোন ও প্যান্টের কিছু অংশ পুড়ে গেছে।

ভুক্তভোগী আরও বলেন, ঘটনার পর প্রাইভেটকারটির চালক ও অন্য যাত্রীরা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সেখানে ভর্তি রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ছিনতাইয়ের শিকার প্রাইভেটকারের চালক মো. জাহিদ বলেন, ভাইয়ের ছেলের জন্য ইজিবাইক কিনতে তার প্রাইভেটকারে কক্সবাজার যাচ্ছিলেন তার ভাই রফিক। দরিয়ানগর এলাকায় মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত গাড়িটি থামিয়ে তার ভাইকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। পরে তার ভাইয়ের সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে শোনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় দগ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, ঘটনাটি ছিনতাই নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্তে নিশ্চিত করা সম্ভব হবে। ঘটনায় দগ্ধ ব্যক্তিকে অ্যাসিড নাকি চেতনানাশক স্প্রে জাতীয় কোনো দাহ্য পদার্থ ছোড়া হয়েছে তা-ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশের অভিযান চলছে।