logo

বগুড়ায় শিবিরের ৮০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান, অনুষ্ঠানে ছিলেন ১০ জন

বগুড়ায় শিবিরের ৮০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান, অনুষ্ঠানে ছিলেন ১০ জন
বগুড়া জেলা এনসিপির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ছাত্রশিবিরে নেতাকর্মীরা দলটিতে যোগ দেন। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান ৮০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির সাবেক শহর সভাপতি। তবে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ১০ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন জেলা এনসিপি কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে যোগদান অনুষ্ঠান হয়। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন।

যোগদানকারীদের মধ্যে হাফেজ গোলাম কিবরিয়া, মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। গোলাম কিবরিয়া বগুড়া শহর জোন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদের মধ্যে কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, কেউ সদস্য, আবার কেউ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন বলে জানানো হয়েছে।

গোলাম কিবরিয়া বলেন, ব্যক্তিগত ইচ্ছায় তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। দলটির সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করা সম্ভব বলে তার মনে হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে চান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম কিবরিয়া বলেন, তিনি বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং জামায়াতে ইসলামীর সঙ্গেও যুক্ত ছিলেন। এখন নিজের ইচ্ছায় এনসিপিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে ৮০ জন নেতাকর্মী দলটিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক এনসিপি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ দলটিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে। মানুষ পুরোনো ধারার গতানুগতিক রাজনীতির পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে দলটি কাজ করে যাচ্ছে।

এনসিপির মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার জুহিন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন তিনি। নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী নভেম্বরের মধ্যে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে উপজেলা কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী দিনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এনসিপিকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যেতে চান তাঁরা।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট