নিখোঁজের চার দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
নিখোঁজের চার দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ
মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের চার দিন পর উদ্ধার হয়েছে আব্দুল মালেক নামে এক বৃদ্ধের মরদেহ।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থানসংলগ্ন ইছামতি নদীতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন।

আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা এবং মৃত নওয়াব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আব্দুল মালেকের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন।

তিনি বলেন, চার দিন ধরে আমরা বাবাকে খুঁজছিলাম। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে এখানে এসে মরদেহটি শনাক্ত করি।

নারায়ণগঞ্জের বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম আমিনুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।