সীমান্ত দিয়ে ৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজারের কমলগঞ্জের দেবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।
আটকরা হলেন—নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তার স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জের দেবলছড়া সীমান্ত দিয়ে শনিবার আলীনগর ইউনিয়নের বকশীটিলা এলাকায় ৩ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাদের ঘিরে রাখে। খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় আনসার সদস্য রশিদ মিয়া, কমলগঞ্জ সদর ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম এবং দলনেতা জায়েদ আহমেদ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেন। পরে পরিচয় শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দুপুরে তাদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে সিলেট সীমান্ত দিয়ে তারা ভারতে গিয়েছিলেন। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।
কমলগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কমর উদ্দিন শনিবার সন্ধ্যায় জানান, আটক ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি নাগরিক। কাজের তাগিদে কয়েক মাস আগে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।



