logo
Advertisement

ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কেরানীগঞ্জ
ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ
কেরানীগঞ্জ মডেল থানা। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

ঢাকার কেরানীগঞ্জে একটি ফ্ল্যাট থেকে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী আসিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ উদ্ধার হওয়ায় মৃত্যুর ঘটনাটিকে ঘিরে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ কালিন্দী এলাকার সোনার বাংলা হাউজিংয়ে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক আসিফ হোসেন রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকার মো. শফিকের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, সোনার বাংলা হাউজিংয়ের হাজী আনোয়ার হোসেনের মালিকানাধীন ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। স্বামী-স্ত্রী ওই ফ্ল্যাটেই একসঙ্গে বসবাস করতেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও একটি খেলনা হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

রুহুল কুদ্দুস বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।