খুলনার যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (৩০) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে জয় ঢালীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। বিশেষ করে তার গলা ও পায়ে একাধিক গভীর কোপের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করলেও রক্তক্ষরণের কারণে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড এবং এতে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতা কিংবা স্থানীয় কোনো কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর আইনগত ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হবে।



