গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আইয়ুব আলী বলেন, আমরা সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। এ ছাড়া সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


