পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া (২২) গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে ও সেলিম মাহমুদ (৪০) মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর-গয়েশপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়ন ও সেলিমকে মৃত ঘোষণা করেন। অপর দুজন সেখানে চিকিৎসাধীন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

