প্রশ্নের সুযোগ না পেয়ে ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, কিন্তু প্রশ্ন করার সুযোগ নেই; ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা—এমন অভিযোগে খুলনা রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিমের সঙ্গে মতবিনিময় সভা বর্জন করেছেন সাংবাদিকেরা।
রোববার (১১ অক্টোবর) বিকেল তিনটার দিকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের অভিযোগ, পরিচিতি ও মতবিনিময়ের কথা বলে সভার আয়োজন করা হলেও তাদের বক্তব্য তুলে ধরা এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা ছিল। একপর্যায়ে ক্ষুব্ধ সাংবাদিকেরা সভা বর্জন করেন।
গত ১৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নেন মো. রেজাউল করিম। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। তবে সভায় অংশ নেওয়া সাংবাদিকদের ভাষ্য, তাদের পরিচয়পর্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বলা হয়। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে ও বক্তব্য তুলে ধরতে চাইলে বাধার মুখে পড়েন তারা। তাদের অভিযোগ, প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে ডিআইজি উপদেশ দিতে থাকেন।
সাংবাদিকেরা বলেন, পুলিশের কার্যক্রম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানা এবং জনস্বার্থসংশ্লিষ্ট প্রশ্ন তোলা তাদের পেশাগত দায়িত্ব। মতবিনিময় সভায় সেই সুযোগ না থাকলে আয়োজনটির উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়।
সভা বর্জনের সময় এক সাংবাদিক বলেন, খুলনার পুলিশের কার্যক্রম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রত্যাশা নিয়ে তারা সভায় গিয়েছিলেন। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানার পাশাপাশি নিজেদের প্রশ্ন ও অনুসন্ধানের বিষয়গুলো তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় তারা হতাশ হয়েছেন।
একুশে টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান আশরাফুল ইসলাম নূর বলেন, তারা ব্যক্তিগত কোনো বিষয়ে কথা বলতে যাননি। খুলনার মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়া এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানাই ছিল তাদের লক্ষ্য। প্রশ্ন করার সুযোগ না থাকলে সেটিকে প্রকৃত অর্থে মতবিনিময় বলা যায় না।
সভায় পুলিশের সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ডিআইজি মো. রেজাউল করিম বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট একটি ঘটনায় দায়িত্বে থাকা পরিদর্শক আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মানবিক বিবেচনায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি অপরাধের পেছনে কারা জড়িত, তা-ও তদন্ত করা হবে। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি বা হয়রানির অভিযোগ থাকলে তাকে জানানোর আহ্বান জানান তিনি। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।
